যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘নানা’ গ্রেফতার

যশোরে ৭ বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত হাফিজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দূর সম্পর্কের নানা হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ: ভুক্তভোগী শিশুটি যশোর শহরের শংকরপুর এলাকায় তার নানির বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। শিশুটির নানি জানান, গত ২ মার্চ বিকেলে হাফিজুল ইসলাম শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যায়। এরপর সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

রাত ৯টার দিকে শিশুটিকে বাসায় দিয়ে গেলে সে তার ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিস্তারিত পরিবারের কাছে খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল ৮টার দিকে শিশুটিকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল ও প্রশাসনের বক্তব্য: যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম হোসাইন সাফয়েত জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সব ধরনের সহায়তা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *