ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন—
“সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও বলেন—
“আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা
আমাদের অধিকার।
আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
রাজনৈতিক বক্তব্যে বিতর্ক
প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর নীলা ইসরাফিল আরও দুটি পোস্টে রাজনৈতিক বক্তব্য দেন। এক পোস্টে তিনি প্রশ্ন তুলে লেখেন—
“কাকে ভোট দিতে চান?
রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?”
অন্য পোস্টে তিনি বলেন—
“আমি স্পষ্টভাবে বলতে চাই,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তুলব।”
এ সময় তিনি আরও যোগ করেন—
“আমার নগরী থাকবে রাজাকারমুক্ত—কথা দিলাম!”
রাজনৈতিক প্রেক্ষাপট
নীলা ইসরাফিল জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। তবে দলটির আরেক নেতা সারোয়ার তুষার–এর সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি পদত্যাগ করেন।
ডিএসসিসি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার মাধ্যমে নীলা ইসরাফিল নতুন করে রাজনৈতিক আলোচনায় এসেছেন। তার দেওয়া বক্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
