ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

আহত সাংবাদিকের নাম মাহফুজুর রহমান শিশির। তিনি দৈনিক সকাল পত্রিকার একজন রিপোর্টার। হামলায় তার মাথা ও মুখমণ্ডল ফেটে যায় এবং রক্তপাত শুরু হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি জোন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান এবং জহিনুর রহমানসহ স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের একাংশকে “আওয়ামী লীগের দালালি করছেন” বলে মন্তব্য করেন কয়েকজন জামায়াত কর্মী। এ নিয়ে সাংবাদিকদের সাথে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এই সংঘর্ষের মধ্যেই মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধর করা হয়।

এই ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান খান বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। আমাদের কর্মসূচিতে বাইরে থেকে কোনো অনুপ্রবেশকারী ঢুকে এই বিশৃঙ্খলা তৈরি করে থাকতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *