সাতকানিয়া ও লোহাগাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানই বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। তিনি চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (১ মার্চ) নগরীর জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, “অনেক ঘাত-প্রতিঘাত ও জুলুম-নির্যাতন পেরিয়ে জুলাই আন্দোলনের রক্তের ওপর ভিত্তি করে বাংলাদেশের নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। নতুন সরকারের এ পথচলায় বিরোধী দল হিসেবে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করব।”
চট্টগ্রামের উন্নয়ন নিয়ে তিনি বলেন, “চট্টগ্রামের ১৬ জন সংসদ সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামকে সাজাতে চাই। চট্টগ্রামের সন্তান হিসেবে আমার লক্ষ্য হলো আগামীতে চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
