সিয়াম হত্যা

আইফোনের লোভে বন্ধুকে হত্যা: আটক ২

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি আইফোন ও নগদ টাকার লোভে সিয়াম নামে এক কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সিয়াম মুকসুদপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাঁশবাড়িয়া গ্রামের লিখন-এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ থেকে সিয়াম নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের একটি পুকুরে কচুরিপানার নিচ থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূলত মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্তরা শনিবার (৭ মার্চ) সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর নেশাগ্রস্ত অবস্থায় তাকে হত্যা করে মরদেহ পুকুরে লুকিয়ে রাখে। হত্যার পর তারা সিয়ামের ব্যবহৃত আইফোনটি স্থানীয় এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেয়।

মুকসুদপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে পারভেজ ও দিদার নামের দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিয়ামের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *