জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জামায়াতে ইসলামী একটি ভদ্র ও শৃঙ্খলাবদ্ধ দল, যারা সংসদে সবার সঙ্গে ভালো আচরণ করে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জামায়াতে ইসলামীর প্রসঙ্গে স্পিকার বলেন—
“জামায়াতে ইসলামী ভদ্র দল, সংসদে তারা খুবই ডিসিপ্লিন্ড, সবার সঙ্গে ভালো ব্যবহার করে।”
“তারা পাশের লোকের সঙ্গেও কথা বলেন না, নিয়মকানুন মেনে চলেন।”
“একসময় তারা আমাদেরই মিত্র দল ছিল। তাদেরকে অনুরোধ করব, আপনারা ও বিএনপি মিলেমিশে চলবেন।”
এদিন তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন—
“দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করবেন না।”
সংবর্ধনা প্রসঙ্গে স্পিকার জানান, তিনি সম্মান গ্রহণের জন্য নয়, বরং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন।
“ভোলা-৩ আসনের মানুষ সব সময় আমার পাশে থেকেছেন। তাদের ভালোবাসা ও সমর্থনেই আজ আমি এ অবস্থানে পৌঁছেছি।”
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
স্পিকার তার পদ সম্পর্কে বলেন—
“স্পিকারের হয়তো প্রশাসনিক বিশাল কোনো ক্ষমতা নেই, কিন্তু এই পদের অনেক সম্মান আছে।”
“আমি স্পিকার হই বা যাই হই, দিনশেষে আমি আপনাদেরই সংসদ সদস্য।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন—
“অন্যায়, অবিচার, লুটপাট ও সন্ত্রাস করলে কী ফলাফল হয়, তা তো দেখছেন।”
“সেই কারণেই তাদের ওপর আল্লাহর গজব নেমে এসেছে।”
ছাত্রসমাজের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন—
“তারা মাফিয়া সরকারকে বিদায় করে দেশের উন্নয়নের পথ সুগম করেছে।”
ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার সতর্ক করে বলেন—
“এই ঐক্য যেন আর না ভাঙে। ভাঙলে আবার বিদেশি প্রভাব এসে লুণ্ঠনের রাজত্ব কায়েম করতে পারে।”
ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন—
“জনগণকে আশ্বস্ত করতে হবে যে, এটা আওয়ামী লীগ নয়। আমরা সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করব না।”
“আগামীতে যেকোনো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।”
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেতসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
