জনপ্রিয় মডেল ও ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কি তবে শোবিজ ছেড়ে রাজনীতির মাঠে নামছেন? গত কয়েকদিন ধরে এমন গুঞ্জন চললেও ১৮ এপ্রিল মধ্যরাতে চমকের একটি রহস্যময় ফেসবুক পোস্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

রহস্যময় ফেসবুক পোস্ট: ১৮ এপ্রিল রাত ১২টায় চমকের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। সেখানে তিনি লিখেন: “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শীঘ্রই বিস্তারিত জানাবো। পাশে থেকো, দোয়ায় রেখো।” এই ‘নতুন জার্নি’ বা নতুন পথচলা আসলে কী, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

বিএনপি কার্যালয়ে উপস্থিতি: চমকের এই পোস্টের নেপথ্য কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এক তথ্য। জানা গেছে, গত ১৭ এপ্রিল নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের সাক্ষাৎকার (ইন্টারভিউ) গ্রহণ করা হয়। সেখানে উপস্থিত একাধিক নারী নেত্রীর সাথে চমককে বসে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলোতে দেখা যায়, অন্যান্য দলীয় প্রার্থীদের সারিতেই বসে আছেন এই অভিনেত্রী।
রাজনৈতিক মহলে আলোচনা: রাজনৈতিক বিশ্লেষক ও শোবিজ সংশ্লিষ্টরা মনে করছেন, চমক হয়তো ধানের শীষের প্রার্থী হিসেবেই তার নতুন এই ‘সফর’ শুরু করতে যাচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চমক বা বিএনপি’র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দলীয় কার্যালয়ে তার উপস্থিতি এবং এর পরপরই ‘দোয়া চেয়ে’ পোস্ট—সবই একই সুতোয় গাঁথা বলে মনে করছেন নেটিজেনরা।
চিকিৎসক থেকে অভিনেত্রী, আর এখন কি তবে পুরোদস্তুর রাজনীতিবিদ? রুকাইয়া জাহান চমকের এই ‘সারপ্রাইজ’ দেখার অপেক্ষায় এখন তার অনুসারীরা।
