মাগুরায় ‘পুলিশ পরিচয়ে’ বিএনপি নেতাকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ

মাগুরা সদর উপজেলায় ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আহত ছাকাম মোল্যার বাড়ি সদর উপজেলার গোপালগ্রামে। তিনি তার ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে একটি সাদা মাইক্রোবাস এসে তার বাড়ির সামনে থামে। এসময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে মাগুরা সদর থানা থেকে নেয়া হচ্ছে। এরপর তাকে দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের কাউকে সঙ্গে যেতে দেওয়া হয়নি।

পরে পরিবার জানতে পারে, পাশ্ববর্তী বেরইল পলিতা ইউনিয়নের একটি সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ছাকাম মোল্যাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, যারা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে গেছে তারা প্রকৃতপক্ষে পুলিশ নয়। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতে ভুয়া পুলিশ পরিচয়ে কাউকে তুলে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন—

“পুলিশ পরিচয়ে যারা ওই রাতে ছাকাম মোল্যার বাড়িতে গিয়েছিল তারা আমাদের কোনো সদস্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *