লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলসিরমুখ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশ ঠেকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২২ মে) দিবাগত মধ্যরাতে (আনুমানিক রাত আড়াইটা) কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ বিওপি (বর্ডার আউটপোস্ট) সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি সূত্র জানায়, ঘটনার সময় পাটগ্রাম উপজেলার কলসিরমুখ এলাকার মেইন পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া নামক স্থানে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) একটি দল নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় ভারত থেকে কয়েকজন চোরাকারবারীকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
বিজিবির নির্দেশ অমান্য করে চোরাকারবারীরা জোরপূর্বক সামনের দিকে অগ্রসর হতে থাকলে সীমান্তে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অনুপ্রবেশকারীদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির বিকট শব্দে চোরাকারবারীরা দ্রুত পিছু হটে এবং ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায়।
এ বিষয়ে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, চোরাকারবারীদের অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়েছেন। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর পরই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি নিজেই কলসিরমুখ সীমান্ত এলাকার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
