ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপ, আহত বেশ কয়েকজন

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমআর নামাজ শেষে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় স্থানীয় এনসিপির অন্তত ৩ জন কর্মীর মাথা ফেটে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা গেছে, জুমআর নামাজ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে অবস্থিত পৌর কালেক্টরেট জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা বলার একপর্যায়ে শাহেদ আহমেদের পেছন থেকে একদল যুবক হঠাৎ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল ও পাথর ছুড়তে শুরু করে।

ঘটনার পর বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে অভিযোগ করা হয়, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এই অতর্কিত হামলা চালায়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মসজিদ থেকে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। আমাদের তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়। হামলাকারীরা আমাদের মুঠোফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।”

এনসিপির ঝিনাইদহ জেলার যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার পর দলটির নেতা-কর্মীরা নিরাপত্তার জন্য ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন। এই ঘটনার প্রতিবাদে এনসিপির উত্তেজিত নেতা-কর্মীরা শহরের বিক্ষোভ মিছিল বের করে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।

স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি হামলার তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, “আইনমন্ত্রীর এলাকায় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির এই রূপ হয়, তবে তিনি পদে থাকতে পারেন না বলে আমরা মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে ঢাকা অভিমুখে লংমার্চ করব।”

অভিযোগ অস্বীকার ছাত্রদলের এদিকে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল।

যোগাযোগ করা হলে ছাত্রদল নেতা শাহেদ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলা সফরে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নানা আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন। তিনি ঝিনাইদহে এসেছেন শুনে আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করতে যাই এবং নেতাদের নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করি। ওই সময় তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাধারণ জনগণ তাঁর ওপর ডিম ছুড়ে মারে। কোনো মারামারি বা হামলার ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।”

পুলিশের বক্তব্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বর্তমানে শহরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গীরা থানায় এসেছিলেন। এ বিষয়ে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *