ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দিচ্ছে সরকার

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালু

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় প্রাথমিক পর্যায়ে এই কার্যক্রম শুরু করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এসময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহ আলম তার পাশে উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, “নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের রাষ্ট্রীয় সম্মানি ভাতা প্রদান করা। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের পর প্রথম ঈদেই (ঈদুল ফিতর) প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এটি সারাদেশে প্রতিটি মসজিদে চালু করা হবে।”

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। এদিন তিনি প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন। কার্যালয়ে প্রবেশের আগে তিনি সেখানে কর্মরত অনেক পুরনো কর্মজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী আজ নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা আজ বিভিন্ন পলিসি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। জনগণের কাছে দেওয়া প্রতিটি ওয়াদা রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *