বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় অর্জন করে একের পর এক সাফল্য অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন—
“তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষেরও প্রতীক।”
“তিনি দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন। ব্যাংক ও অর্থনীতি ধ্বংস হয়েছিল, তা পুনর্গঠন করেছেন।”
তিনি বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
একই সঙ্গে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন—
“গতকাল সংসদে তিনি একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছেন।”
“তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান।”
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী এমন এক রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, যারা সবসময় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করেছে।
সভায় শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
