এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে। এই সময়ের মধ্যে যেকোনো একদিন ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ সোমবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এ বছর দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন।
