আড়াই মাসের সরকারের তুলনা দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের বয়স আড়াই মাসের একটি শিশুর মতো, যে এখনো হাঁটতে পারে না। তবে এর মধ্যেই সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

শনিবার সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনী সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,

“আড়াই মাস বয়সে একটি শিশু হাঁটতে পারে না, তাকে হাঁটতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। আমাদের সরকারের বয়সও আড়াই মাসের মতো। তবে আমরা ইতোমধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি।”

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালুর কাজ চলছে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে।

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ‘নতুন কুঁড়ি’ নামে শিশুদের প্রতিভা বিকাশের একটি উদ্যোগ ছিল। তারই ধারাবাহিকতায় আমরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করছি।”

তিনি জানান, ইতোমধ্যে সারাদেশ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু নিবন্ধন করেছে, যাদের মধ্য থেকে বিভিন্ন খেলার প্রতিভা বাছাই করা হবে।

“আমরা বিশ্বাস করি, এখান থেকেই এমন খেলোয়াড় উঠে আসবে যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য স্বর্ণপদক এনে দেবে।”

তিনি আরও উল্লেখ করেন, ক্রিকেট ও নারী ফুটবল দলের মতো ভবিষ্যতেও দেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়াবে।

প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *