ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, তার এলাকায় ধর্মীয় ওয়াজ মাহফিলের পাশাপাশি কীর্তন ও বাউল গানের আয়োজনও সমানভাবে চলবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই তিনি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন:
“গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। যারা বাউল গান করেন, তাদের হেনস্থা করা হয়েছে এবং জেলে রাখা হয়েছে। আমি এগুলো দেখেছি। আমি জানি না, অন্য কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কি না। তবে আমি সংখ্যা গুনে প্রতিটি মাজার ভাঙার প্রতিবাদ করেছি।”
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন:
“ঈদুল ফিতরের একদিন পরে সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলছি, যতদিন আমি এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।”
নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি লালন ও সংরক্ষণ করা সবার দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, বাউল গান ও মাজার সংস্কৃতি দেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
