দেশে চলমান তেল সংকট নিয়ে সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে মজুতদারির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, সরকারের অনুমতি ছাড়া এমন সংকট তৈরি হওয়া সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
‘আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। দেশে সাধারণত অন্তত দুই মাসের তেল মজুত থাকে, তাই মাত্র এক মাসে এমন সংকট হওয়া অস্বাভাবিক। নিশ্চয়ই সরকারের অনুমতিতে কোনো বড় কোম্পানি তেল মজুদ করছে, না হলে হরমুজ প্রণালী বন্ধের এক মাসের মধ্যেই এমন সংকট হওয়ার কথা নয়।’
এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দলটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি প্রশ্ন তোলেন,
‘যাদের প্রশাসক করা হচ্ছে, তারাই যদি পরে নির্বাচনে অংশ নেয়, তাহলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা কোথায় থাকবে?’
তিনি আরও বলেন, সরকার যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে এগোয়, তাহলে এনসিপি সহযোগিতা করবে। অন্যথায় দলটি জনগণের পাশে দাঁড়িয়ে ভিন্ন অবস্থান নিতে পারে বলেও ইঙ্গিত দেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন।তেল সংকট নিয়ে মজুতদারির অভিযোগ, সরকারের ঘনিষ্ঠদের দিকে আঙুল এনসিপির
