ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা এবার আলোচনায় এসেছেন রাজনীতির ইঙ্গিত নিয়ে। ব্যবসায়িক ব্যস্ততায় বর্তমানে চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও, এবার বর্ষার রাজনীতিতে আসার সম্ভাবনার কথা জানালেন অনন্ত জলিল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে মানুষের সেবামূলক কাজ করে আসছেন, তাই তার রাজনীতিতে আসা উচিত।
তিনি বলেন,
“টুডে অর টুমরো বর্ষা হয়তো পলিটিকস করবেই। আমি আবারও বলি, বর্ষা রাজনীতিতে আসতে পারে।”
অনন্ত আরও দাবি করেন, বর্ষার মধ্যে নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা রয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা তাকে রাজনীতিতে সফল হতে সাহায্য করবে।
তিনি বলেন, গ্রামে গেলে বর্ষা দীর্ঘ সময় মানুষের পাশে থাকেন এবং নিজ হাতে সহায়তা বিতরণ করেন।
সবশেষে অনন্ত জলিল বলেন,
“আমরা সব সময় নিরপেক্ষ থেকেছি, ভালো কিছুর পক্ষে থেকেছি। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়।”
