জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ‘রাবণ’ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গেছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন,
“কথায় বলে, যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের গণতান্ত্রিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন,
“যারা রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমান সরকারকেও সেই পরিণতি ভোগ করতে হতে পারে।”
শুধু সংসদেই নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট, জুলাই সনদ ও শ্রমিক অধিকারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন জোরদার করা হবে।
সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয় সময়ে সরকার সেই সুযোগ নষ্ট করেছে এবং এখন প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা উচিত।
