মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দীর্ঘদিন পর তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া—এই তিন দেশ থেকে একদিনে ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার পৃথক ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের সবাই স্বাভাবিকভাবে মারা গেছেন, তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে কুয়েত থেকে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়।

এ ছাড়া, লিবিয়া ও মালয়েশিয়া থেকে পৃথক ফ্লাইটে আরও ৪টি মরদেহ (দুটি করে) দেশে পৌঁছায়।

মন্ত্রণালয় জানায়, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যা দাফন ও অন্যান্য খরচে ব্যয় করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,
প্রবাসীদের পরিবার যদি অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমার জন্য যোগ্য হয়, তবে তা দ্রুত প্রদান করা হবে।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *