আজ এনসিপিতে যোগ দিচ্ছেন আপ বাংলাদেশের ৩৩ নেতা, বিলুপ্ত হচ্ছে প্ল্যাটফর্মটি

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বিপ্লবের শক্তিগুলোকে একীভূত করার লক্ষ্যে নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম বিলুপ্ত করে আজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) শীর্ষ নেতারা।

আজ রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করবেন। গত শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল আপ বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৃহত্তর স্বার্থে জুলাইয়ের সকল শক্তি একত্রিত করার লক্ষ্যে আপ বাংলাদেশের ৩০ জন কেন্দ্রীয় সদস্যসহ শীর্ষ ৩ জন নেতৃবৃন্দ এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন।’ এই যোগদানের মধ্য দিয়ে মূলত ‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মটির কার্যক্রম বিলুপ্ত করে এনসিপির সাথে একীভূত করা হচ্ছে।

এনসিপি সূত্রে জানা গেছে, আপ বাংলাদেশের নেতাদের মধ্যে জুনায়েদ, রাফে ও ইরা ছাড়াও আজ এনসিপিতে যুক্ত হচ্ছেন জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান এবং মোশারফ হোসেন। তারা এনসিপির তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কমিটিতে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানান, জুলাই শক্তিগুলোর ঐক্যপ্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার ফলাফল হিসেবে প্রথম ধাপে আপ বাংলাদেশের নেতারা যুক্ত হচ্ছেন। এর ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের সামনের সারির আরও বেশ কয়েকজন নেতা এবং বিএনপির একাধিক সিনিয়র নেতার এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে ‘আপ বাংলাদেশ’ তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্যের স্বার্থে এখন থেকে তারা এনসিপির পতাকাতলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *