রামিসা হত্যা মামলার চার্জশিট ঈদের আগেই, ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

শনিবার (২৩ মে) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন,

“রামিসা হত্যা মামলার চার্জশিট যত দ্রুত সম্ভব দাখিল করে মামলার নিষ্পত্তি করা হবে। ডিএনএ রিপোর্ট আসতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না।”

তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দিলে বড় ধরনের ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই তদন্তের সব প্রক্রিয়া সম্পন্ন করেই বিচার কার্যক্রম শুরু করা হবে।

“ট্রায়াল শুরুর জন্য যত ধরনের প্রক্রিয়া রয়েছে, সব ঈদের আগেই শেষ করা হবে। ঈদের পর বিচার শুরু করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

মেঘলা হত্যা মামলার বিচার প্রক্রিয়াও চলমান

নেত্রকোণার শিশু মেঘলা ধর্ষণ ও হত্যার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, ওই ঘটনায় প্রয়োজনীয় সব বিচারিক প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, শিশু ধর্ষণ মামলায় উচ্চ আদালতের পেপারবুক প্রস্তুতের ক্ষেত্রে বিশেষ অনুমতির আবেদন জানানো হবে।

গুমের শিকার পরিবারকে সহায়তার আশ্বাস

বিগত সরকারের সময়ে গুমের শিকার হওয়া পরিবারগুলোর বিষয়ে আইনমন্ত্রী বলেন, গুম সংক্রান্ত আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত সরকার তাদের আইনি সহায়তা ও নিরাপত্তা দেবে।

“আইনে থাকুক বা না থাকুক, গুমের শিকার পরিবারগুলোকে সরকার সহায়তা করবে।”

ঝুলে থাকা মামলা নিষ্পত্তির উদ্যোগ

দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা ঝুলে আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এর মধ্যে আপোসযোগ্য প্রায় ৮০ শতাংশ মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব।

তিনি জানান, আগামী তিন মাসে সারা দেশে ৫০ হাজার মামলা নিষ্পত্তির চেষ্টা করা হবে।

এ ছাড়া জাতীয় থেকে জেলা পর্যায় পর্যন্ত আইনগত সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার কথাও জানান তিনি।

বৈষম্যবিরোধী আইন সংস্কারের ইঙ্গিত

আইনমন্ত্রী বলেন, যেসব আইন বৈষম্য সৃষ্টি করছে বলে মনে হবে, সেগুলো বাতিল বা সংস্কার করা হবে। একইসঙ্গে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *