‘মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই’: চসিক মেয়র ও কর্মকর্তাদের সফর প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রীর

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং ৫ জন কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। রুটিনমাফিক নাগরিক দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের চিরাচরিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী দেশের মাটিতেই বাস্তবমুখী সমাধান খোঁজার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে এই ব্যতিক্রমী বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা যায়, মার্কিন বায়োটেকনোলজি প্রতিষ্ঠান ‘Valent BioSciences LLC’-এর অর্থায়নে এবং আমন্ত্রণে চসিক কর্মকর্তাদের এই সফরের অনুমতি চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। প্রস্তাবনা অনুযায়ী, এই সফরের সম্পূর্ণ ব্যয়ভার ওই বিদেশি প্রতিষ্ঠানটি বহন করার কথা ছিল এবং এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা খরচ হতো না।

তবে সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে সফর হওয়ার পরও প্রধানমন্ত্রী এই প্রস্তাবটি অনুমোদন করেননি। সারসংক্ষেপে মাননীয় প্রধানমন্ত্রী নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন—

“মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

প্রচলিত অপসংস্কৃতির বিপরীতে এক বাস্তবমুখী দৃষ্টান্ত

বিগত দিনে দেশের মানুষ ‘পুকুর কাটা শিখতে ২০ সরকারি কর্মকর্তার ইউরোপ ভ্রমণ’, ‘টয়লেট পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন সরকারি কর্মকর্তারা’ কিংবা ‘চর দেখতে সরকারি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সফর’—এ ধরনের সংবাদের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিল, যা জনমনে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।

সেই তুলনায় সম্পূর্ণ নিজস্ব খরচের বাইরে হওয়া সত্ত্বেও এই সফরটি বাতিল করে প্রধানমন্ত্রী এক ব্যতিক্রমী ও বাস্তবসম্মত দৃষ্টান্ত স্থাপন করলেন।

প্রধানমন্ত্রীর এই কড়া ও বাস্তবমুখী নির্দেশনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন বিলাসী সফরের চিন্তা বাদ দিয়ে স্থানীয়ভাবে ডোবা-নালা পরিষ্কার এবং মাঠপর্যায়ে কার্যকর ও উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের দিকেই বেশি মনোযোগ দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *