আয়কর বিভাগে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র—এমন তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ঘটনায় চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১ জুন) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এনবিআর আরও জানায়, স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন, তাদের কাছ থেকেও অর্থ নেওয়া হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালিয়ে প্রতারণা করছে চক্রটি। আবার যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন না, তাদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি জানায়, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

এনবিআর চাকরিপ্রার্থী ও অভিভাবকদের প্রতারকদের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো ধরনের প্রতারণার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনার অফিস অথবা এনবিআরের জনসংযোগ কর্মকর্তাকে (টেলিফোন: ০২-২২২২১৭৭৭৭, ই–মেইল: pro@nbr.gov.bd) জানানোর অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *