আশুলিয়ায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ‘মেড ইন পাকিস্তান’ রিভলভার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোণোতার ঢাকা: রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার একটি মাদ্রাসার নির্মাণাধীন বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানে তৈরি একটি রিভলভার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।

বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে স্থানীয় মাদক কারবারিদের মাদক মজুদের সংবাদের ভিত্তিতে মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের বসার ঘরের পাশে একটি নির্মাণাধীন টয়লেটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালীন ওই বাথরুমের মেঝের ইটের নিচে লুকানো অবস্থায় একটি ছেঁড়া শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে সবুজ পলিথিনে মোড়ানো ওই ব্যাগ থেকে আটটি চেম্বার (গুলি ভরার ঘর) বিশিষ্ট একটি রিভলভার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করে র্যাব।

র্যাব কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত রিভলভারের ব্যারেল, ট্রিগার ও হ্যামার সম্পূর্ণ সচল রয়েছে এবং বডিতে ইংরেজিতে ‘মেড ইন পাকিস্তান’ (Made in Pakistan) খোদাই করা আছে। এছাড়া উদ্ধার হওয়া গুলির পেছনে ‘T’ অক্ষরটি খোদাই করা রয়েছে।

র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসাইন হৃদয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এই অস্ত্রের মূল উৎস কী এবং কারা এটি মাদ্রাসার ভেতরে এনে লুকিয়ে রেখেছিল, তা নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।

উদ্ধারকৃত আলামত আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *