দ্রুতই আড়াই হাজারের বেশি কনস্টেবল নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা – পুলিশ বাহিনীতে জনবল সংকট কাটাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে দ্রুতই ২,৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশে সংস্কার ও নিয়োগে স্বচ্ছতা

পুলিশের অভ্যন্তরীণ বদলি ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসপি ও ওসি পর্যায়ে বদলির ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই প্রয়োজন। তিনি পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের লটারির মাধ্যমে বদলি করার পদ্ধতির সমালোচনা করে বলেন, “লটারির মাধ্যমে বদলি যথাযথ হয় না। যোগ্য ব্যক্তিদেরই সঠিক স্থানে বসানো হবে।”

তিনি আরও জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ নিয়োগে যেসব অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখা হবে। তবে এই তদন্তের মাধ্যমে যাতে কেউ অযথা হয়রানির শিকার না হয়, সেদিকেও কড়া নজর রাখা হবে। পাশাপাশি ২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআই-দের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অস্ত্র লাইসেন্স যাচাই ও আইনশৃঙ্খলা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় যেসব অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, তা দ্রুততার সাথে ভেরিফিকেশন করা হবে।

  • লাইসেন্স বাতিল: যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য লাইসেন্স পেয়েছেন, তাদের লাইসেন্স বাতিল এবং অস্ত্র বাজেয়াপ্ত করা হবে।
  • জবাবদিহিতা: “পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আবার পুলিশকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে,” মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি স্পষ্ট করে দেন যে, আইনের বাইরে কোনো প্রটোকল পুলিশ দিতে পারবে না।

মব কালচার ও হয়রানিমূলক মামল

৫ আগস্টের পর ব্যবসায়ীসহ অনেকের বিরুদ্ধে হওয়া ঢালাও মামলা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, হয়রানিমূলক মামলাগুলো যাচাই করে প্রত্যাহার করা হবে। এছাড়া বিডিআর বিদ্রোহের রহস্য উদ্ঘাটনে আরেকটি নতুন কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি।

কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মব কালচার বা মব করে দাবি আদায়ের দিন শেষ। যৌক্তিক দাবি ছাড়া রাস্তা বন্ধ করা যাবে না। এমনটা করা হলে সরকার কঠোর অ্যাকশনে যাবে।”

সেবা খাতে আউটসোর্সিং

পাসপোর্ট অফিস এবং ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি বন্ধে বেসরকারি সহায়তাকারী বা আউটসোর্সিং করার পরিকল্পনা সরকারের রয়েছে। এতে সেবার মান বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *