কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE 5) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী তিন দিন সারাদেশে ইন্টারনেটে ধীরগতি অনুভূত হতে পারে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত ক্যাবলটির রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই সময়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ বা প্রভাবিত থাকবে, যার ফলে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে বিএসসিসিএল জানিয়েছে, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE 4) যথারীতি সচল থাকবে। কুয়াকাটা ক্যাবল বন্ধ থাকাকালীন ইন্টারনেটের চাপ প্রথম ক্যাবলের মাধ্যমে সামাল দেওয়ার চেষ্টা করা হবে, যাতে গ্রাহকদের ভোগান্তি ন্যূনতম রাখা যায়।
টেলিযোগাযোগ সংশ্লিষ্টদের মতে, দ্বিতীয় ক্যাবলটি দিয়ে দেশের একটি বড় অংশের ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। তাই এটি রক্ষণাবেক্ষণ চলাকালীন বিশেষ করে পিক-আওয়ারে বা ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। আগামী রবিবার সকালের পর পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
