লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে এক মা ও তার দুই মেয়ে নির্মমভাবে খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার তিনহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিনুর বেগম (৪০), তার বড় মেয়ে ইকরা বেগম (১৮) ও ছোট মেয়ে সিপা বেগম (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক ধারালো দা নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে এবং ভেতরে থাকা লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই ইকরা ও সিপা মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাহিনুর বেগমকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় পরিবারের বড় মেয়ে শায়মা আক্তার (২১) গুরুতর জখম হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে হামলাকারী যুবককে আটক করে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক মামুনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই দুই মেয়ের মৃত্যু হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মা মারা যান। প্রত্যেকের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে আটক করে। আটক যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতদের পরিবারটি মূলত কুমিল্লার হোমনা এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে রায়পুরের ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
