বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চলমান জ্বালানি তেলের দুর্ভোগ শুধুমাত্র সরবরাহ সংকটের কারণে নয়, বরং আংশিকভাবে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়।
তিনি বলেন,
“ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব দেশেও পড়েছে। তবে পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের পেছনে শুধু সরবরাহ ঘাটতি দায়ী নয়—সমস্যা কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।”
মন্ত্রী অভিযোগ করেন,
“একটি অসাধু চক্র তেল মজুদ করে কালোবাজারে বিক্রি করছে।”
এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,
“অন্যায়কে প্রশ্রয় দেবেন না। একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়।”
তিনি উল্লেখ করেন, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ‘ফ্যাসিস্ট শক্তি’ পরাজিত হয়েছে, এবং এখন লক্ষ্য একটি শান্তিপূর্ণ, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
