সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মানবাধিকার আন্দোলনে সাহসী কণ্ঠ

সানজিদা ইসলাম তুলি একজন প্রথিতযশা সমাজকর্মী ও নাগরিক আন্দোলনের পরিচিত মুখ। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন তিনি। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি গুম-বিরোধী আন্দোলনে সক্রিয় হন এবং ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচারের দাবিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন। মানবাধিকার রক্ষায় তার এই আপসহীন ভূমিকা তাকে তরুণ প্রজন্মের কাছে একজন সাহসী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনৈতিক প্রেক্ষাপট

বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা খুব বেশি দিনের না হলেও দলটির তৃণমূল পর্যায়ে তিনি অত্যন্ত জনপ্রিয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উক্ত নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সানজিদা ইসলাম তুলি পেয়েছিলেন ৮৩ হাজার ৩২৩ ভোট। যদিও নির্বাচনের পর ভোট জালিয়াতির অভিযোগ তুলে ওই আসনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সানজিদা ইসলাম তুলিকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিএনপি তার মানবাধিকার রক্ষার লড়াই এবং দলের প্রতি আনুগত্যের যথাযথ মূল্যায়ন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *