২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৬৮, দেশে হামে মৃতের সংখ্যা বেড়ে ৬১০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামজনিত জটিলতায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।

আজ শুক্রবার (৫ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে মোট ১ হাজার ১৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এ পর্যন্ত রেকর্ড হওয়া ৬১০ জন মৃতের মধ্যে অন্তত ৯১ জন শিশু ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি ৫১৯ জন শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৯ হাজার ৫০০ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া, বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৭৬ হাজার ৮৭৬ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৮,১৫৪ জন।

হামের প্রকোপ রোধে শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া এবং তীব্র জ্বর ও শরীরে র‍্যাশ (চামড়ায় লালচে দানা) দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *