ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ জামায়াতে ইসলামীকে প্রস্তাব করেছে সরকার: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং যে ঐকমত্যের ভিত্তিতে সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই।’

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে ও সরাসরি সাক্ষাতে প্রধান বিরোধী দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা তাদের বলেছি যেন ডেপুটি স্পিকারের জন্য নাম চূড়ান্ত করে। জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিনেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’

উল্লেখ্য যে, জুলাই জাতীয় সনদের লক্ষ্য অর্জনে এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *