চুয়াডাঙ্গায় সাহায্য করার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ব্যাগ এগিয়ে দেওয়ার কথা বলে ৭১ বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২০ মে বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার প্রায় পাঁচ দিন পর গত রবিবার (২৪ মে) গভীর রাতে ভুক্তভোগী বৃদ্ধা নিজে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত যুবক মো. তরিকুল ইসলামকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুর সাড়ে ১২টার দিকে ওই বৃদ্ধা তাঁর মেয়ের বাড়ি থেকে একটি ভ্যানে করে স্থানীয় একটি হাসপাতালের সামনে আসেন। তাঁর সাথে মেয়ের দেওয়া মাছ ও তরকারির একটি ব্যাগ ছিল। এ সময় মো. তরিকুল ইসলাম তাঁর কাছে গিয়ে বলেন, “আপনি বয়স্ক মানুষ, ব্যাগটা আমাকে দিন। আমি আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি।” যুবকের কথায় সরল বিশ্বাসে বৃদ্ধা তাঁর ব্যাগটি তরিকুলের হাতে দেন এবং তাঁর পেছন পেছন হাঁটতে থাকেন। দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই যুবক বৃদ্ধাকে একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগীর নাতনি গণমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে তাঁর নানি প্রচণ্ড শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এছাড়া লোকলজ্জা ও সামাজিকভাবে সম্মানহানির ভয়ে প্রথম দিকে প্রতিবেশীরা তাঁদের মামলা করতে নিষেধ করেছিলেন। পরে পরিবারের সদস্যরা মিলে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে মামলা করার পর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দিতে এবং মামলা তুলে নিতে তাঁদের ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে পরিবারটি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “মামলা দায়েরের পরপরই গত রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *