খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস খাদে পড়ে যুবক নিহত, আহত অন্তত ২৫

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে আছাবুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকালে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছাবুর রহমান পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আশাবুর রহমান সরদারের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয়

আহতদের মধ্যে অন্তত ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন—কয়রা উপজেলার ইসমাইল হোসেন (৩২), ইমদাদুল হক (৪৭), পাইকগাছার আব্দুস সালাম (৬০), তালা উপজেলার কবিতার মন্ডল (৫৭), নৃতোষ মন্ডল (৩৫) এবং রূপসা উপজেলার রাবেয়া খাতুন (৪৭)।

এছাড়া আরও অন্তত ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বলে জানিয়েছে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ।

কীভাবে ঘটে দুর্ঘটনা

খর্নিয়া হাইওয়ে পুলিশ জানায়, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল বাসটি। গুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানি ভর্তি একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যান।

দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সেটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযান

খুলনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবু বক্কর জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *