নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এই ব্যাজ পরানো হয়।

অনুষ্ঠানে নবনিযুক্ত পুলিশ প্রধানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

চড়াই-উতরাই পেরিয়ে শীর্ষ পদে

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে প্রথমবার চাকরিচ্যুত এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরিতে ফিরে পান। এরপর তিনি সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান এবং সবশেষে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে আসীন হলেন।

মো. আলী হোসেন ফকিরের জন্ম ১৯৬৮ সালে বাগেরহাট জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) এবং ডিএমপির উপ-কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *