ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এলো সরকার। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এবারের ঈদের ছুটিতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা টানা সাত দিনের ছুটি পেতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে ১৮ মার্চকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এই ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, ‘১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটি। এর সঙ্গে নতুন করে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি কার্যকর হবে।’
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এর আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ—এই চারদিন নির্বাহী আদেশে ছুটির ঘোষণা আগেই দেওয়া ছিল। নতুন করে ১৮ মার্চ সাধারণ ছুটি অনুমোদিত হওয়ায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
